গোল মিস করেও ইতিহাস গড়ছেন রাফিনিয়া: মেসিকে ছাপিয়ে বার্সার নতুন তারকা - দিগন্ত জার্নাল

গোল মিস করেও ইতিহাস গড়ছেন রাফিনিয়া: মেসিকে ছাপিয়ে বার্সার নতুন তারকা

আন্তর্জাতিক ডেস্ক:
গোল মিস করাকে অনেকেই ব্যর্থতা ভাবেন। কিন্তু ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া সেটাকেই বানিয়েছেন উন্নতির চাবিকাঠি। পোস্ট মিস করে বল গ্যালারিতে পাঠানো, কিংবা গোলবার কাঁপিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে বিব্রত করা—এসবই যেন তাঁর প্রতিদিনের অভ্যাস। কিন্তু এসব মিসের ফাঁকেই তিনি গড়ে চলেছেন রেকর্ড, গড়ছেন গল্প।
রাফিনিয়া ঠিক খাঁটি স্ট্রাইকার নন, বরং এক ক্লান্তিহীন উইঙ্গার। তাঁর কাজ দৌড়ানো, চেষ্টার এক মুহূর্তের ঘাটতি নেই। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সেই দৌড়ের পুরস্কারও পাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগেই দেখা গেল তাঁর পরিপক্বতা। ৩৮ মিনিটে পেদ্রির পাসে নিজে না মেরে হেড করে বল তুলে দিলেন ফেরান তোরেসের সামনে, যেটি থেকেই সমতাসূচক গোল। এরপর ২৫ গজ দূর থেকে তাঁর গোলমুখী বুলেট শট ইন্টার গোলকিপার সোমারের গায়ে লেগে জালে ঢোকে। যদিও সেটি আত্মঘাতী হিসেবে গণ্য হয়েছে, তবু গোলটির নেপথ্যে রাফিনিয়াই।

এই মৌসুমে তিনি ৫১ ম্যাচে ৩০ গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেছেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগে এবার ১২ গোল ও ৮ অ্যাসিস্ট, মোট ২০টি গোলে সরাসরি অবদান রেখে মেসির ২০১১-১২ মৌসুমের (১৯ অবদান) রেকর্ড ভেঙে দিয়েছেন।ক্রিস্টিয়ানো রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ ২১ গোলে অবদানের রেকর্ড এখন রাফিনিয়ার নাগালের এক ধাপ দূরে। বার্সা ফাইনালে উঠতে পারলে, সেই রেকর্ডও তাঁর হতে পারে।

তবে এই চমৎকার পরিসংখ্যানের বিপরীতে রয়েছে তাঁর প্রচুর শট মিসের ইতিহাস। চলতি চ্যাম্পিয়নস লিগে তাঁর ৩২টি শট পোস্টের বাইরে, অর্থাৎ মোট শটের ৭৩%। তবু, মিস করেও যে বড় কিছু সম্ভব, তা রাফিনিয়া প্রমাণ করে চলেছেন। আর ভাবা যায়, এই রাফিনিয়া ২৭ বছর বয়সে ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন! ভাগ্যিস, কোপা আমেরিকায় ভালো খেলে সেরা দলে জায়গা পেয়েছিলেন। সেখান থেকেই তাঁর ভাগ্য বদলে যায়। বার্সায় আসা কোচ হান্সি ফ্লিক তখন ফোন দিয়ে তাঁকে বলেন, “কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এসে অনুশীলন করো।” বাকিটা ইতিহাস।রাফিনিয়া আজ শুধু বার্সা নয়, ব্রাজিলেরও একজন নতুন রোল মডেল।

an adbox will go here