আরবী সাহিত্যের কিংবদন্তি আল্লামা সুলতান যওক নদভী আর নেই - দিগন্ত জার্নাল

আরবী সাহিত্যের কিংবদন্তি আল্লামা সুলতান যওক নদভী আর নেই

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, ৩ মে ২০২৫ | প্রথম প্রহর
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
বিশ্ব আরবী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, দারুল উলুম নদওয়াতুল উলামার গর্ব, আল্লামা সুলতান যওক নদভী আর নেই। শনিবার প্রথম প্রহরে (৩ মে ২০২৫) রাত ১২টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন)। তাঁর ইন্তিকালে মুসলিম বিশ্ব হারিয়েছে একজন পাণ্ডিত্যপূর্ণ আলেম, সুদক্ষ শিক্ষক ও আরবী সাহিত্যের এক অনন্য সাধককে।

আল্লামা যওক নদভী বহু দশক ধরে নদওয়াতুল উলামায় অধ্যাপনায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন সাহিত্যরসিক, চিন্তাশীল ও সৌন্দর্যবোধ্য লেখক। তাঁর রচিত গ্রন্থ ও গবেষণা ইসলামী সাহিত্য এবং চিন্তাশীল মননে রেখে গেছে অমর ছাপ। হাজারো শিক্ষার্থী তাঁর শিষ্যত্বে আলোকিত হয়েছেন। তাঁর ইন্তিকালের খবরে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী বিশ্বে তাঁর অবদান যুগ যুগ ধরে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ১৯৩৯ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জাগিরাঘোনা মহল্লায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে ১৯৫৯ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং পরবর্তীতে দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে আলমিয়াত ডিগ্রি অর্জন করে “নদভী” উপাধিতে ভূষিত হন।

তিনি শিক্ষকতা শুরু করেন চট্টগ্রামের চন্দনাইশে মাদ্রাসা রাশিদিয়াতে। এরপর জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, পটিয়া এবং বাবুনগরে শিক্ষকতা করেন। ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, যা এখন দেশের অন্যতম কওমি মাদ্রাসা। তিনি নাদিয়াতুল আদাব নামে আরবি সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠানও স্থাপন করেন।

আরবি সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ‘আস-সুবহুল জাদীদ’ নামে ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করেন এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেন, যা ইসলামী বিশ্বের দৃষ্টি কেড়েছিল। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতিও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে: আল-তারীক ইলাল ইনশা, তাসহীলুল ইনশা ও আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবন কথা।

জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে আসীন করুন এবং তাঁর পরিবার ও ভক্তবৃন্দকে এই শোক সইবার ধৈর্য দান করুন।

an adbox will go here