কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে হেফাজতের মহাসমাবেশ শুরু হয়েছে
শনিবার, ৩ মে ২০২৫ | ঢাকা: আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় এবং সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা তারেক জামিলের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যেই হেফাজত ইসলামের লাখো লাখো মানুষের জনসমুদ্রের পরিণিত হয়েছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া গাজীপুরের মাওলানা ইউনুসের পিতা নাজিমুদ্দিন।
সমাবেশস্থল ও আশপাশের এলাকাজুড়ে সকাল থেকেই ছিল ধর্মপ্রাণ জনতার উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন, ও ইসলামী স্লোগানে মুখর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন।
হেফাজতে ইসলাম নারীবিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে। এতে বক্তারা ইসলাম, মুসলিম নারীর মর্যাদা, এবং কুরআনপ্রসূত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।