বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিলসহ ১২ দফা ঘোষণাপত্র দিল হেফাজতে ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৩ মে ২০২৫) বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও রোহিঙ্গাদের জন্য ঘোষিত মানবিক করিডরের সিদ্ধান্ত থেকে সরে আসাসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১২ দফা দাবির ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক এই ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণাপত্রের প্রথম দফায় নারী সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করে আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন একটি কমিশন গঠনের দাবি জানানো হয়। দ্বিতীয় দফায় সংবিধানে আল্লার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃস্থাপন এবং বহুত্ববাদ পরিত্যাগের আহ্বান জানানো হয়।
ঘোষণাপত্রে আরও বলা হয়, ২০১৩ সালের শাপলা চত্বরে দমন-পীড়ন ও গণহত্যা। ২০২৪ সালের জুলাই- আগস্ট আন্দোলনের দমন-পীড়ন ও গণহত্যা ঘটনার বিচার সম্পন্ন করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগেই এসব বিচার সম্পন্ন করতে হবে।
পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও তৎপরতা নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।
চট্টগ্রামে কথিত হিন্দুত্ববাদীদের হাতে নিহত সাইফুল হত্যার বিচার, শেখ হাসিনার শাসনামলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, গুম-খুনের সাথে জড়িতদের বিচার এবং গাজায় হামলা নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা, রোহিঙ্গাদের জন্য মানবিক করিডরের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান, পার্বত্য অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ বন্ধ এবং কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিও রয়েছে এই ঘোষণাপত্রে।
হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান নারী অধিকার রক্ষায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং ২৩ মে চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
সমাবেশ উপলক্ষে শনিবার ফজরের নামাজের পর থেকেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। নেতারা দেশবাসীর প্রতি সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। এর আগে, রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের নেতাকর্মীরা মিছিল ও গণসংযোগ চালিয়ে কর্মসূচিকে সফল করার জন্য ধর্মপ্রাণ জনগণকে আহ্বান জানান।