ফ্রাত্তেসি: অনিয়মিত স্কোরার থেকে ইন্টারের নায়ক
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোমাঞ্চে ঠাসা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের অতিরিক্ত সময়ে গোল করে ইন্টার মিলানকে ফাইনালে তুলেছেন এক অনিয়মিত স্কোরার—ডেভিড ফ্রাত্তেসি। ম্যাচের স্কোর তখন ৩–৩। ঠিক সেই মুহূর্তে বার্সার ডিফেন্স চিরে নিখুঁত প্লেসিংয়ে ফ্রাত্তেসির করা গোলই হয়ে ওঠে ম্যাচের পার্থক্য।
সেন্টার মিডফিল্ডে খেলা ফ্রাত্তেসির আগে ১২ ম্যাচে মাত্র এক গোল ছিল। তবে ফুটবল মুহূর্তের খেলা—আর সেই এক মুহূর্তে নিজেকে নায়ক করে তোলেন ২৫ বছর বয়সী ইতালিয়ান।
গোল উদ্যাপনেও ছিল আবেগের বিস্ফোরণ—গ্যালারির দিকে ছুটে যাওয়া, টপকানোর চেষ্টার মতো উদ্যাপন। পরে সতীর্থদের সঙ্গে মিলেমিশে পালন করেন সেই ঐতিহাসিক মুহূর্ত। তার গোলেই স্বপ্নভঙ্গ হয় বার্সেলোনার, কান্নায় ভাঙে রাফিনিয়াদের হৃদয়। এর আগেও কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইন্টারকে এগিয়ে দিয়েছিলেন গোল করে। দুই লেগ মিলিয়ে সেই গোলেই সেমিফাইনালে ওঠে ইন্টার। এবার ফ্রাত্তেসির গোলে জায়গা মিলেছে ফাইনালে।
সাসসুয়োলোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই মিডফিল্ডার ধারে খেলেছেন একাধিক ক্লাবে। ২০২4 সালে ইন্টার তাকে পাকাপাকিভাবে দলে নেয়। এখন বোঝা যাচ্ছে, সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল। গোলের পর আবেগাপ্লুত ফ্রাত্তেসি বলেন, “বলটা পেয়ে ভাবলাম, এখান থেকে যদি গোল না করি, তবে আমি শেষ!” এরপর নিজের মানসিক শক্তির কথা জানিয়ে বলেন, “আমার মনে হয়, কেউ আমাকে ধাক্কা দিতে পারবে না।”