পুলিশ বাহিনীর বিরুদ্ধে মামলা: ৫৬% আসামি নিম্নস্তরের - দিগন্ত জার্নাল

পুলিশ বাহিনীর বিরুদ্ধে মামলা: ৫৬% আসামি নিম্নস্তরের

দিগন্ত জার্নাল ডেস্ক :
বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এসআই, এএসআই ও কনস্টেবলদের বিরুদ্ধে মামলা
অভিযুক্তদের দাবি, ঊর্ধ্বতনদের নির্দেশ পালন করেছেন, গুলি না ছুড়েও মামলার আসামি হয়েছেন অনেকে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করে পুলিশ। পতন ঘটা হাসিনা সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা নির্দেশ দিয়ে পুলিশ বাহিনীকে বেপরোয়া করে তোলে। নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে তাদের ওপর অত্যাচার চালানো হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের গুলিতে মৃত্যু এর অন্যতম দৃষ্টান্ত।

এ পরিস্থিতিতে পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ৯৫২ পুলিশ সদস্যকে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। এর মধ্যে ৫৬% পুলিশ সদস্যই এসআই, এএসআই এবং কনস্টেবল পদমর্যাদার সদস্য। এসআইদের মধ্যে সবচেয়ে বেশি আসামি হয়েছেন, যার সংখ্যা ২৭৬ জন।

গাজীপুরের কোনবাড়ীতে পুলিশের গুলিতে কলেজছাত্র মো. হৃদয় (২০) নিহত হওয়ার পর শিল্প পুলিশের কনস্টেবল আকরাম হোসেন গ্রেফতার হন।
অন্যান্য পুলিশ সদস্যদের দাবি, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন। অনেকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় মামলাগুলি জনসাধারণ করেছে। পুলিশ এ ব্যাপারে গুরুত্বসহকারে তদন্ত করছে।”

পুলিশের বিরুদ্ধে হওয়া মামলায় সাবেক আইজিপি, সাবেক অতিরিক্ত আইজিপি, সাবেক ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাও অভিযুক্ত হয়েছেন।
এদের মধ্যে সাবেক ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ সর্বাধিক ১৭১টি মামলার আসামি।

তবে এখনো বেশিরভাগ কর্মকর্তাই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, শুধু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হয়েছেন।

এদিকে মামলার আসামি এসআই, এএসআই ও কনস্টেবলদের মধ্যে বেশ কিছু সদস্য অভিযোগ করেছেন যে, তারা খরচের ভিত্তিতে দায়ী হয়েছেন, গুলি না ছুড়েও তাদের নামে দায় চাপানো হয়েছে।

প্রকাশিত তালিকার মধ্যে ২৭৬ জন এসআই, ৯১ এএসআই এবং ১৫৭ কনস্টেবলসহ অন্যান্য পুলিশ সদস্যরা রয়েছেন।
এই মামলার তদন্ত এখনো চলছে।

an adbox will go here