আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি - দিগন্ত জার্নাল

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (৯ মে ২০২৫) রাজনীতিতে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে রাজধানীতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

এই কর্মসূচিতে ইতোমধ্যে যোগ দিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। ফলে যমুনা সংলগ্ন এলাকা ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে রাত ১০টার পর নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে তারা বিভিন্ন দাবি-দাওয়াভিত্তিক স্লোগান দিয়ে রাজনৈতিক বার্তা দেন। কর্মসূচির কারণে যমুনা ভবনের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরও একটি মিছিল এসে যমুনার সামনে মিলিত হয়। কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দলটির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চললেও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

an adbox will go here