ফ্যাসিস্ট আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, (৯ মে ২০২৫) ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আজ শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে অবরোধ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মী ও সাধারণ আন্দোলনকারীরা। এর আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে আয়োজিত এক গণসমাবেশ থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সমাবেশে বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকেই শুরু হবে, যেদিন এই দেশ পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ টাইটেল। আমরা সেই টাইটেল নিশ্চিত করার লক্ষ্যে এই রাস্তা ব্লক করছি।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বো না। ইন্টারিম সরকারের কানে আহতদের আর্তনাদ পৌঁছায় না, তাই রাস্তায় দাঁড়িয়েই তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে।”
সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীরা “আ.লীগ নিষিদ্ধ করো”, “স্বৈরাচার নিপাত যাক”, “গণতন্ত্র মুক্তি পাক” সহ নানা স্লোগান দেন। মিছিলে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষদের দেখা যায় প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে শাহবাগ মোড়ে জড়ো হতে।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। সেখান থেকেও আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা কোনো অবস্থাতেই অবরোধ তুলে নেবেন না।
অবরোধকে কেন্দ্র করে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।