খালেদা জিয়ার আগমনের আহ্বানে শাহবাগে আ.লীগ ব্যান দাবিতে জনতার ঢল
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, (৯ মে ২০২৫) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় উত্তাল হয়ে ওঠে। বিকাল পৌনে পাঁচটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। “ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো”— এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে তৈরি মঞ্চ থেকে এই অবরোধ কর্মসূচি ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আন্দোলনের আবহে সামাজিক যোগাযোগমাধ্যমেও উষ্ণতা ছড়ায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।” সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি। আরেক পোস্টে হাদি বলেন, “যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ্।”
আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার রাত থেকেই। রাত ১০টার পর এনসিপির নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। প্রথমে সেখানে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতারা। রাত একটার দিকে মিছিল নিয়ে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। পরে একে একে সেখানে যোগ দেন হেফাজতে ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার দুপুর ১২টার দিকে যমুনার সামনের অবস্থান সরিয়ে আন্দোলনকারীরা ফোয়ারার সামনে মঞ্চে অবস্থান নেন। জুমার নামাজের পর সেখানে বড় জমায়েত হয়। দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই বক্তব্য দেন এবং পরে হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধের ঘোষণা দেন।
আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না। শাহবাগ মোড় বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই উত্তাল আন্দোলনের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।