ছাত্রদলের সাম্য হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে আবেগঘন প্রতিক্রিয়া দিলেন পিনাকী ভট্টাচার্য
অনলাইন ডেস্ক | দিগন্ত জার্নাল
বুধবার, (১৪ মে ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও জুলাই বিপ্লবের টগবগে যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্য। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।
পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “জুলাইয়ের টগবগে যোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত দোষীদের আটক ও বিচারের দাবি করছি।”
তিনি জানান, গণমাধ্যম সূত্রে জানা গেছে—এই ঘটনায় পুলিশ অন্তত তিনজনকে গ্রেফতার করেছে। তবে একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ঢাবি প্রশাসন যখন সোহরাওয়ার্দী উদ্যানকে বহিরাগতদের জন্য নিষিদ্ধ করতে উদ্যোগ নেয়, তখন কারা এর বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদেরও এখন জবাবদিহির আওতায় আনা দরকার।

তিনি বলেন, “দেখুন একটি মৃত্যুর পরে আমাদের সবার কাজ হওয়া উচিৎ এমন মৃত্যু যেন আর না ঘটে৷ দ্রুত সংশ্লিষ্ট স্থানগুলোতে ভাসমান দোকান, মাদক সংশ্লিষ্টতা বন্ধসহ কার্যকর পদক্ষেপ নিতে হবে।” পাশাপাশি তিনি অফিসিয়ালি চাঁদাবাজিকে “ফরমাল ব্যবসায়” পরিণত করা নানা গোষ্ঠীকে নিষিদ্ধ করার আহ্বান জানান।
পিনাকী ভট্টাচার্য এ প্রসঙ্গে সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানান—এই ঘটনাকে কেন্দ্র করে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করার জন্য।
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “কিন্তু না, আমাদের তো লাশ নিয়ে রাজনীতি দরকার? একে অপরকে দোষারোপ করা দরকার।” ভিসির পদত্যাগ দাবিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হওয়া মানুষের ঘটনায় কি কখনও শীর্ষ নেতৃত্বের পদত্যাগ দাবি করা হয়েছে? তিনি ব্যঙ্গ করে বলেন, “ভিসির পদত্যাগ চেয়েছেন তো প্রো-ভিসি দুইজন কি আপনাদের তালত ভাই লাগে?”
পোস্টের শেষে তিনি লেখেন, “এসব ফাইজলামি বাদ দিয়ে আরেকজন সাম্য যেন আগামী দিনে আমাদের কাছ থেকে চলে না যায় সেটি নিশ্চিত করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। সাম্যরা মরে পড়ে থাকে, আর আমরা লাশ সামনে রেখে দোষারোপের রাজনীতি করি।”
এই প্রতিবেদন পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত মন্তব্যের ভিত্তিতে তৈরি।