নারী কমিশন বাতিলের দাবিতে মাদানি ছাত্রী কাফেলার মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (১৪ মে ২০২৫) নারী কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মাদানি ছাত্রী কাফলা। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার নগর মাদানিয়া বালিকা মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা অঞ্চল মহিলা জমিয়তের আহ্বায়ক ও সচেতন মুসলিম নারী সমাজের সভানেত্রী বেগম শরীফা আমীন।
বক্তব্যে বেগম শরীফা আমীন বলেন, “সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন নারী কমিশনের সুপারিশ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কিছু নাস্তিক্যবাদী মহিলার নেতৃত্বে প্রণীত এ সুপারিশের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি ও বিকৃত কৃষ্টির আগ্রাসন আমাদের সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে। পতিতাবৃত্তিকে শ্রমের মর্যাদা দানের প্রস্তাব নারীর সম্মানকে অপমানিত করেছে। এ ধরনের বক্তব্যদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিতর্কিত নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাদরাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার, ছাত্রীনেত্রী তায়্যিবা জান্নাত প্রমুখ।
সভায় মাওলানা রুহুল আমীন নগরী বলেন, “ইসলাম নারী জাতিকে যে মর্যাদা দিয়েছে, তা পৃথিবীর আর কোনো ধর্ম বা মতবাদ দিতে পারেনি। ৯০ ভাগ মুসলমানের বিশ্বাস ও মূল্যবোধকে অবজ্ঞা করে কোনো নীতিমালা জাতিকে মান্য করা সম্ভব নয়। বিতর্কিত নারী কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আমরা সর্বত্র গণসচেতনতা তৈরি করে যাব।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নারী কমিশনের খসড়া সুপারিশের কয়েকটি ধারা নিয়ে দেশের বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে মোহনগঞ্জের ছাত্র ও নারী সংগঠনের এই প্রতিবাদ কর্মসূচি সামাজিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।