২৮ মে ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল, চলছে প্রস্তুতি - দিগন্ত জার্নাল

২৮ মে ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল, চলছে প্রস্তুতি

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (১৪ মে ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগামী ২৮ মে রাজধানী ঢাকায় বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

বুধবার নয়াপল্টনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতারা জানান, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে চলছে জোর প্রস্তুতি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আলম রবিন, যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি সোহাগ ভূঁইয়া এবং দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।

সভায় রফিকুল ইসলাম মজনু বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি আজ বিএনপিতে রয়েছে। যারা নিজেদের তরুণদের প্রতিনিধিত্বকারী দাবি করে, তারা ওয়ার্ড বা থানায় পাঁচজন কর্মীও দেখাতে পারবে না—তবু বড় বড় কথা বলছে।”

সভা শেষে ছাত্রদল নেতা সাম্য আহমেদের হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টনের ভিআইপি টাওয়ার থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশ সফল করতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ে তৎপরতা জোরদার করা হচ্ছে বলে জানান দলের নেতারা।

an adbox will go here