৫১ বছরের শিরোপা খরা কাটিয়ে ইতালিয়ান কাপ জিতল বোলোনিয়া
দিগন্ত জার্নাল ডেস্ক:
সেমি-ফাইনালে শক্তিশালী ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালে পৌঁছানো এসি মিলান শিরোপা মঞ্চে এসে আর আলো ছড়াতে পারল না। ইতালিয়ান কাপের ফাইনালে বোলোনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেল মিলান, আর ৫১ বছর পর শিরোপার স্বাদ পেল বোলোনিয়া। রোমের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে একমাত্র গোলটি করে নতুন ইতিহাস গড়ে বোলোনিয়া। ম্যাচের ৫৩তম মিনিটে সুইস ফরোয়ার্ড দান এনদোয়ে দুর্দান্ত পাসিং ফুটবলের মাধ্যমে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বোলোনিয়া। তারা মিলানের চেয়ে বেশি শট নিয়েছে, যদিও তখন গোল আসেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ বদলে দেন এনদোয়ে। গোল খাওয়ার পরও মিলানের খেলায় তেমন কোনো জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি। আক্রমণে ধার ছিল না, ছিল না জয়ের খিদেও। ফলে নির্ধারিত সময় শেষে জয়ের উল্লাসে ভাসে বোলোনিয়ার খেলোয়াড়, কোচ ও সমর্থকরা। এই জয়ে ১৯৭৩-৭৪ মৌসুমের পর প্রথমবারের মতো ইতালিয়ান কাপ জিতল বোলোনিয়া। সর্বশেষ তারা শীর্ষ পর্যায়ের কোনো ট্রফি জিতেছিল সেই মৌসুমেই। আর সেরি আয় তারা সর্বশেষ জিতেছিল ১৯৬৩-৬৪ মৌসুমে।
এদিকে এসি মিলানের জন্য সময়টা বেশ কঠিন যাচ্ছে। লিগে ৬০ পয়েন্ট নিয়ে তারা এখন অষ্টম, আর বোলোনিয়া এক ধাপ উপরে, ৬১ পয়েন্টে সপ্তম স্থানে। তাই এই শিরোপার মাধ্যমে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল মিলানের সামনে, যা হারিয়ে গেল ফাইনালের ব্যর্থতায়। এখন লিগের বাকি থাকা দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু ঘটলেই কেবল ইউরোপীয় প্রতিযোগিতায় ফিরতে পারবে এসি মিলান। অন্যদিকে, বোলোনিয়া নিশ্চিত করল এক গৌরবময় অধ্যায়ের সূচনা।