দুই উপদেষ্টার এপিএস ও পিওসহ এনসিপি নেতাকে জিজ্ঞাসাবাদে দুদকের ডাক - দিগন্ত জার্নাল

দুই উপদেষ্টার এপিএস ও পিওসহ এনসিপি নেতাকে জিজ্ঞাসাবাদে দুদকের ডাক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) সরকারের দুই উপদেষ্টার একজন সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও), এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতা গাজী সালাউদ্দীন তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, ছাত্র প্রতিনিধি ও সাবেক পিও তুহিন ফারাবি এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল হাসানকে ২০ মে, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এর আগে দুর্নীতির অভিযোগে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তুহিন ফারাবির বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ। এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নথিপত্র চেয়ে অধিযাচন পাঠিয়েছে দুদকের অনুসন্ধান দল।

তদন্তের বিষয়ে ধীরগতির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সংগঠনটির দুই নেতা পরে দুদক কার্যালয়ে প্রবেশ করে দুদক চেয়ারম্যান বরাবর তদন্তের অগ্রগতি জানতে আবেদন করেন।

সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, “দুদকের পদক্ষেপ নেওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা আশঙ্কা করছি, রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে তদন্ত আড়াল করার চেষ্টা হতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছি।”

an adbox will go here