জাপানের কাছে আরও সহজ ঋণ ও বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) আলোচনায় বাংলাদেশ সরকার জাপানের কাছে আরও সহজ শর্তের ঋণ, বাজেট সহায়তা এবং বিদ্যমান ঋণের পরিশোধে সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবারের এই বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাপান থেকে আরও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ঋণ, শর্ত সহজ করা ও বাজেট সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে এবং তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। উভয়পক্ষ রাজনৈতিক আস্থা জোরদার, উন্নয়ন কৌশলের অগ্রাধিকার এবং কৌশলগত অংশীদারত্বের পূর্ণ বাস্তবায়নে একমত হয়েছে।
বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ পেলেও দেশটি যেন শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পায়—এ অনুরোধকে জাপান ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশের ফল ও সবজির জাপানে প্রবেশাধিকারের বিষয়েও একযোগে কাজ করতে সম্মত হয়েছে জাপান। রো’হি’ঙ্গা পুনর্বাসন ইস্যুতেও তারা সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে উভয় দেশ সন্তোষ প্রকাশ করেছে এবং চলতি বছরই চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করেছে। ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’ (বিগ-বি) এর আওতায় বাংলাদেশে উচ্চমানের অবকাঠামো উন্নয়নে জাপান আরও সক্রিয় হবে বলে জানিয়েছে। একইসঙ্গে জাপানি শিল্প ও সরবরাহ চেইন বাংলাদেশে স্থানান্তরের বিষয়েও আগ্রহ দেখিয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।