কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হান আহত, তদন্তে পুলিশ - দিগন্ত জার্নাল

কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হান আহত, তদন্তে পুলিশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (১৬ মে ২০২৫) কুমিল্লায় সময় টিভির সাংবাদিক ও কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর পুবালি চত্বরে এ ঘটনা ঘটে। এসময় তিনি একটি বিক্ষোভ মিছিলের সংবাদ কাভার করছিলেন।

আহত অবস্থায় বাহার রায়হানকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার ডান পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

বাহার রায়হান জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত একটি গ্রুপ বিক্ষোভে অংশ নেয়। এ সময় তিনি সংবাদ সংগ্রহ করছিলেন। হঠাৎ করেই একটি দল তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। একজন পুলিশ কর্মকর্তা দ্রুত এগিয়ে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পরপরই কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন, ঘটনাস্থল একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে সিসি ক্যামেরা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি এবং বিষয়টি তদন্তাধীন। প্রাথমিক তথ্য অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্য সংগ্রহের স্বাধীনতা রক্ষায় সবার সহানুভূতিশীল আচরণ কামনা করেছেন কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

an adbox will go here