লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই খালাতো ভাই শিশুর মৃত্যু
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ১৬ মে (২০২৫) লক্ষ্মীপুরে পুকুরে ডুবে জিহাদ হোসেন ও নাজিম হোসেন নামে দুই খালাতো ভাই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের বয়স ছিল সাড়ে তিন বছর। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে এবং জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বেড়াতে এসে নানার বাড়ি বাঞ্চানগর এলাকায় অবস্থান করছিল।
পরিবার সূত্রে জানা যায়, দুই শিশু উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। উঠানে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর তাদের দেহ পুকুরে ভেসে উঠে। দ্রুত তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুদের মামা রিয়াদ হোসেন জানান, “জিহাদ বেড়াতে এসেছিল। ওরা একসঙ্গে খেলছিল। কখন যে পুকুরে পড়ে গেল, বুঝতেই পারিনি।”
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে। পরে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “এ ঘটনায় কেউ এখনো থানায় জানায়নি। খোঁজ নেওয়া হবে।”