সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, নগর ভবনে অচলাবস্থা - দিগন্ত জার্নাল

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, নগর ভবনে অচলাবস্থা

ঢাকা প্রতিবেদক:

শনিবার, (১৭ মে ২০২৫) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আয়োজিত সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশি বাধার মুখে পড়েছেন তার সমর্থকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে লংমার্চ শুরু হয়।

মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন, প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি বঙ্গবাজার হয়ে পুনরায় নগর ভবনের সামনে ফিরে আসে। মিছিলকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—এমন স্লোগান দেন।

লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে সকালে নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকপন্থীরা। এতে সাধারণ কর্মচারীরাও অংশ নিয়ে নগর ভবনের সব গেট বন্ধ করে দেন। ফলে সেবাপ্রার্থী ও কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে না পারায় পুরো কার্যালয় কার্যত অচল হয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের জয় বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এ অবস্থায় ইশরাকপন্থীরা তার শপথ ও দায়িত্বগ্রহণ নিশ্চিত করার দাবিতে লাগাতার কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

an adbox will go here