নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, ইশরাক সমর্থকদের - দিগন্ত জার্নাল

নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, ইশরাক সমর্থকদের

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, (১৭ মে ২০২৫) ঢাকা প্রতিবেদক: উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। শনিবার দুপুরে নগর ভবনের সামনে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘নগর ভবনে বসবেন নগরপিতা’ ইত্যাদি স্লোগানে মুখর ছিলেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশিত হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না এবং তার দাফতরিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা সরাসরি দাবি তোলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের। তারা বলেন, “এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। আমরা তাকে আর এখানে দেখতে চাই না।”

উল্লেখ্য, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। তবে টানা বিক্ষোভের কারণে এদিন তিনি নগর ভবনে আসেননি।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হলেও চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তার বিজয় বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। পরবর্তীতে ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় ইশরাক সমর্থকেরা শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

an adbox will go here