বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভ: সেনাবাহিনীর সহনশীল মনোভাব - দিগন্ত জার্নাল

বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভ: সেনাবাহিনীর সহনশীল মনোভাব

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) জাতীয় প্রেসক্লাব চত্বরে আজ বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত কিছু সাবেক সেনাসদস্য চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গমন করে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শুনে দাবি যাচাই ও সমাধানের আশ্বাস প্রদান করে।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিনিধিরা সাবেক সদস্যদের তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন এবং বাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী বিষয়গুলো মানবিকভাবে বিবেচনার প্রতিশ্রুতি দেন।

এর আগে ১৪ মে সেনাবাহিনী জানায়, বরখাস্ত সেনাসদস্যদের কাছ থেকে মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

তবে আজকের কর্মসূচির শেষদিকে কিছু উচ্ছৃঙ্খল অংশগ্রহণকারী সেনাবাহিনীর প্রতিনিধি দলের গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য স্লোগান দেওয়ার মতো অনভিপ্রেত আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করলেও আইনশৃঙ্খলা বাহিনী একপর্যায়ে কয়েকজনকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।

আইএসপিআর জানায়, এ ধরনের উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী আচরণ কখনো কাম্য নয় এবং তা বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতে পারে। সেনাবাহিনী সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলা মেনে চলতে এবং দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি পুনরায় আহ্বান জানায়।

an adbox will go here