২৭-৩০ মে’র মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে উপকূলে
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, (১৯ মে ২০২৫) বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে এই ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (১৯ মে) তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এর আগেও তিনি ১১ মে ও ১৪ মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা পূর্বাভাস হিসেবে জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের তৃতীয় পূর্বাভাসে তিনি জানান, মে মাসের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে ‘শক্তি’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যা ২৯ বা ৩০ মে’র মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।
তিনি আরও জানান, একই সপ্তাহে আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার নির্ধারিত তালিকা অনুযায়ী প্রথম ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’ (Shakhti), যা শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম এবং দ্বিতীয়টির নাম হবে ‘মন্থা’ (Mon-Tha), যা এসেছে থাইল্যান্ডের পক্ষ থেকে।
পলাশ বলেন, আরব সাগরে ঘূর্ণিঝড়টি আগে এবং বঙ্গোপসাগরেরটি পরে সৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে। তবে আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয়ে গেলে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে এবং কী পরিমাণ শক্তি ধারণ করবে তা এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তা নির্ভর করছে আবহাওয়ার ভবিষ্যৎ গতিপ্রকৃতির ওপর। পূর্বাভাস অনুযায়ী, ২৯ থেকে ৩০ মে’র মধ্যে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি রয়েছে।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।