দেশের উন্নয়নে মতভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান তারেক রহমানের - দিগন্ত জার্নাল

দেশের উন্নয়নে মতভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান তারেক রহমানের

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা আজ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে দেশ গড়ার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। মতপার্থক্য গণতন্ত্রে স্বাভাবিক; তবে নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করা এখন সময়ের দাবি।”

রবিবার পশ্চিম লন্ডনের একটি হোটেলে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, “আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছি। এ দাবির জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেটি মানুষের রাজনৈতিক কল্যাণে নিবেদিত থাকবে।”

তারেক রহমান বলেন, “দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করবো। প্রয়োজনে খেলোয়াড় গড়তে পাঠ্যসূচিতেও পরিবর্তন আনবো। বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকার গঠন করলে সব বিভাগেই তা স্থাপন করবো। খেলাধুলার মাধ্যমে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের সম্পূর্ণ দায় রাষ্ট্র বহন করবে।”

ঢাকার ওয়ার্ডভিত্তিক মাঠ গঠনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “কমপক্ষে দুটি ওয়ার্ডের মাঝখানে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ করা হবে, যাতে শিশুরা খেলতে পারে, বয়স্করা হাঁটতে পারে এবং মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে।”

তিনি আরও বলেন, “স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই, যাতে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা বাধ্যতামূলক হয়। পরীক্ষায় এর জন্য নম্বর থাকবে। অর্থাৎ, শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়ার নেতৃবৃন্দসহ লন্ডন প্রবাসী আয়োজকবৃন্দ।

ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, “একজন বড় ভাই হিসেবে গর্ব করার মতো সব গুণই কোকোর মধ্যে ছিল।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন শরফরাজ আহমেদ শরফু এবং সভাপতিত্ব করেন আবু নাসের শেখ। আয়োজকদের মধ্যে ছিলেন ফজলে রহমান (পিনাক), শেখ সাদেক, ডালিয়া বিনতে লাকুরিয়া, আরিফুল ইসলাম উজ্জ্বল, শাকিল চৌধুরী, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম (ফরহাদ), অঞ্জনা আলম, মনোয়ার হোসেন, আলম শিমু, শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী পাউন্ড ও তুহিন মোল্লা প্রমুখ।

an adbox will go here