বিয়ারিং ফেইলিওর’-এর কারণেই খুলে পড়েছিল বিমান বাংলাদেশের চাকা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, (১৯ মে ২০২৫) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী ‘বিজি-৪৩৬’ ফ্লাইটটির একটি চাকা আকাশে উড়ার সময় খুলে পড়ে যাওয়ার পেছনে ‘বিয়ারিং ফেইলিওর’ বা চাকার বিয়ারিংয়ে ত্রুটিকেই প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করেছে বিমান কর্তৃপক্ষ। সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি।
ঘটনার বিস্তারিত তদন্ত এখনো চলমান থাকলেও প্রাথমিক পর্যালোচনায় উঠে এসেছে, ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই উড়োজাহাজটির চাকার বিয়ারিংয়ে ত্রুটি দেখা দিলে তা বিচ্যুত হয়ে যায়, ফলে চাকা খুলে পড়ে যায়। এই চাকা পরে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় উদ্ধার করা হয়।
গত ১৬ মে দুপুর ১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি, যার গন্তব্য ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আকাশে ওড়ার কিছু সময় পরেই যান্ত্রিক বিপত্তির খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ, যিনি প্রায় আট হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন। সহকারী হিসেবে তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ।
বিষয়টি জানার পরই জরুরি অবতরণের প্রস্তুতি নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। অবশেষে দুপুর ২টা ২০ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। পরে প্রকৌশলীরা নিশ্চিত হন, বাম দিকের ল্যান্ডিং গিয়ারের ২ নম্বর চাকা নেই।
বিমান কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্তে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের টিম খুব শিগগিরই ঢাকায় এসে তদন্ত কার্যক্রমে অংশ নেবে।
উল্লেখ্য, উড়োজাহাজটিতে ওই সময় ৭১ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। ঘটনাটি কারও প্রাণহানির কারণ না হলেও একটি জাতীয় এয়ারলাইন্সের যান্ত্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।