‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ দাবি সম্পূর্ণ মিথ্যা: আমান আযমী - দিগন্ত জার্নাল

‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ দাবি সম্পূর্ণ মিথ্যা: আমান আযমী

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, (২০ মে ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, “শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন”—এই দাবি সম্পূর্ণ মিথ্যা। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রসঙ্গ: স্বাধীনতার রূপকার’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

তিনি লেখেন, “২৫ মার্চ একাধিক বিদেশি টিভি চ্যানেলের কাছে শেখ মুজিব সুস্পষ্টভাবে বলেছেন, তিনি স্বাধীনতা চান না। একথা সবাই জানেন যে, শেখ সাহেব অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ তিনি গড়তে চাননি। কেউ তা প্রমাণ করার মতো কোনো দলিল দিতে পারবেন না।”

‘স্বাধীনতার ঘোষণা’ প্রসঙ্গে আমান আযমী আরও বলেন, “একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি বলতে চাই, ২৫ মার্চ রাতেই পাকবাহিনী অপারেশন সার্চলাইট শুরুর আগে সব বেতার ও টেলিফোন ভবন নিয়ন্ত্রণে নেয়, ফলে শেখ সাহেব চাইলেও চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা পাঠানো সম্ভব ছিল না। আরও হাস্যকর বিষয় হলো—২৫ মার্চ রাতে শেখ সাহেব কীভাবে জানতেন, মেজর জিয়া তার উর্দুভাষী অধিনায়ককে হত্যা করে বিদ্রোহ করেছেন? তাই ‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’—এ দাবি ভিত্তিহীন।”

পোস্টে আরও বলা হয়, “আওয়ামী লীগের সব নেতারা ভারতে চলে যাওয়ার পর ১০ এপ্রিল তাজউদ্দীন আহমদ এককভাবে পাঁচ সদস্যের অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানান এবং সহায়তা চান, যদিও তখন পর্যন্ত দলের কোনো নেতার সঙ্গেই তার দেখা বা কথা হয়নি।”

তিনি লেখেন, “শেখ সাহেবের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের জন্য ‘ক্যাটালিস্ট’-এর মতো ভূমিকা রাখলেও, কার নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সেটি নিয়ে প্রশ্ন আছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাজউদ্দীন সাহেবের নেতৃত্বই মুখ্য ছিল, এতে সন্দেহ নেই। অন্য নেতাদের তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না।”

সবশেষে আমান আযমী উল্লেখ করেন, “আমার বাবা শেখ সাহেবকে ‘স্বাধীনতার স্থপতি’ বলেছেন। আমার দৃষ্টিতে এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত মূল্যায়ন।”

an adbox will go here