তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন, পাইলটের দক্ষতায় রক্ষা পেলেন ২৯১ যাত্রী
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, (২০ মে ২০২৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন দেখা দেয়। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় জরুরি অবতরণের মাধ্যমে প্রাণে রক্ষা পান বিমানের ২৯১ আরোহী।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ৮ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিমানটি আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সকাল ৮টা ২ মিনিটে শাহজালালে জরুরি অবতরণ করেন তিনি।
বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং দল পরবর্তী সময়ে ইঞ্জিন পরীক্ষা করে সেখানে একটি মৃত পাখি খুঁজে পায়। ধারণা করা হচ্ছে, এটি বার্ড হিটের ঘটনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, পাইলট স্পার্ক দেখতে পেয়েই সতর্কতামূলকভাবে অবতরণের সিদ্ধান্ত নেন, যেটি সঠিক ও প্রশংসনীয় পদক্ষেপ ছিল।
ফ্লাইটটিতে ১৯ জন বিজনেস ক্লাসের যাত্রী, ২৫৬ জন ইকোনমিক ক্লাসের যাত্রী, পাঁচজন শিশু এবং ১১ জন ক্রু ছিলেন। যাত্রীদের তাৎক্ষণিক হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায়। সেখানেও পাইলটের দক্ষতায় ৭১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।