বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার , (২০ মে ২০২৫) সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় এবং তা রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমদ।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সম্প্রতি ঢাকার রাজনীতিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি, চলমান আন্দোলন ও আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।