নিউমুরিং টার্মিনাল ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের দাবি ইসলামী আন্দোলনের
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গবার, (২০ মে ২০২৫) নির্বাচিত সরকার অনুপস্থিত অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে কি না—সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নিতে হবে।
তিনি বলেন, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান কাজ হলো প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন। অথচ তারা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে এমন সব কাজে জড়িয়ে পড়ছে, যা জনমনে সন্দেহ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে।
মাওলানা ইউনুস আহমেদ প্রশ্ন তুলেন, কেন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির দায়িত্ব দিতে হবে, সে বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সামনে কোনো পরিষ্কার বক্তব্য দেয়নি সরকার। তার মতে, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামত ও রাজনৈতিক দলগুলোর সম্মতি আবশ্যক।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, “বিতর্ক এড়িয়ে জুলাই অভ্যুত্থানকে সার্থক করতে হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার, মৌলিক সংস্কারের গতি বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় মনোযোগ দিতে হবে। রাষ্ট্র সংস্কারের এই জরুরি কাজে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না।”