সচিবালয়ে ‘আ.লীগের দোসর’ আমলাদের তালিকা প্রকাশ করল ‘জুলাই ঐক্য’
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, (২০ মে ২০২৫) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত ৯৪ জন আমলা ও কর্মকর্তার নাম প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। সংগঠনটির পক্ষে জানানো হয়, এসব ব্যক্তি গত ১৫ বছর ধরে সরকারের ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “সাম্প্রতিক নয়, গত দেড় দশক ধরেই সচিবালয় ও প্রশাসনের একাংশ শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা পালন করেছে। তারা এখনো রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে জনগণের বিরুদ্ধে কাজ করছে।” এসময় শহিদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করে শোনান।
সংগঠনের দাবি অনুযায়ী, সচিবালয়ের ৪৪ জন আমলা এবং প্রশাসনের আরও প্রায় ৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, পরবর্তী ধাপে কালচারাল, শিক্ষাঙ্গন, চিকিৎসা, আইন ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ‘স্বৈরাচারের দোসরদের’ তালিকাও প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে সরকারকে লক্ষ্য করে আট দফা দাবি জানায় ‘জুলাই ঐক্য’। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
তালিকাভুক্তদের বাধ্যতামূলক অবসর,
তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান অগ্রগতি প্রকাশ,
তথ্য পাচারকারী ও গুলি চালনায় জড়িতদের সম্পদ জব্দ,
দেশত্যাগে নিষেধাজ্ঞা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
শ্বেতপত্র প্রকাশ,
১৩২ ধারা বাতিল বা সংশোধন এবং
সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ।
সংগঠনটি হুঁশিয়ার করে বলেছে, আগামী ৩১ মে’র মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।