আমার বাসায় এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই—ইশরাক হোসেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার , (২১ মে ২০২৫) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে গেজেটপ্রাপ্ত হলেও শপথ নিয়ে অনড় অবস্থান জানালেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই।’
তিনি ফেসবুক পোস্টে আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন—
১. রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
২. আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে, সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে—তা যার পক্ষেই যাক না কেন।
এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ছয় দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তার সমর্থকেরা। তারা জানায়, আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কোনও কার্যকর সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অন্যদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন। কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর গত ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শে নির্বাচন কমিশন (ইসি) ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এ অবস্থায় শপথগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, যা নিরসনে আদালতের সিদ্ধান্তই হতে পারে পরবর্তী নির্দেশনা।