শপথে সাড়া নেই ইশরাকের, রাজধানীতে অবস্থান কর্মসূচি
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (২১ মে ২০২৫) বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য দেওয়া সময়সীমা বুধবার সকাল ১০টায় শেষ হলেও তিনি কোনো ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করায় উত্তেজনা তৈরি হয়েছে রাজধানীতে। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তার হাজারো সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।
মঙ্গলবারের ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল থেকেই রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল, সচিবালয় এলাকা এবং নগর ভবনের সামনে অবস্থান নিতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতাকে। টানা সপ্তম দিনের মতো নগর ভবনের ভেতরে ও বাইরে চলছে ইশরাক সমর্থকদের বিক্ষোভ মিছিল ও স্লোগান। তারা বলছেন, জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ইশরাককে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
এদিকে, ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণ না করানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে দুপুরে আদালত আদেশ দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের পক্ষে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। তাঁরা দাবি করছেন, ভোটে বিজয়ী হয়েও রাজনৈতিক কারণে শপথ গ্রহণে বাধা সৃষ্টি করা হচ্ছে। মঙ্গলবারের কর্মসূচি শেষে বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। সেই সময়সীমা পার হলেও কোনো প্রতিক্রিয়া না আসায় আজ সকাল থেকেই আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছে।
নগরবাসীর একাংশ বলছে, জনগণের ভোটের রায় মেনে নিয়ে দ্রুত এ অচলাবস্থা নিরসন জরুরি, অন্যথায় ঢাকায় জনদুর্ভোগ বাড়বে।