স্ত্রী-মেয়েসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (২১ মে ২০২৫) আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা মোট ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এই আবেদন দাখিল করেন এবং আদালত সেটি মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, অবরুদ্ধ হওয়া হিসাবগুলোর মধ্যে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের নামে চারটি ব্যাংক হিসাবে রয়েছে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর নামে চারটি হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে একটিতে রয়েছে ২৮ লাখ টাকা। সব মিলিয়ে মোট এক কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক ও তার আত্মীয়দের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার ও নিয়োগ বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, সরকারি জমি দখল এবং এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়মের মাধ্যমে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন।
দুদক আশঙ্কা করছে, অনুসন্ধান চলাকালীন এই সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করা হতে পারে, যা ভবিষ্যতে উদ্ধার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করবে। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতের কাছে উল্লেখ করা হয়।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে চলমান অনুসন্ধান ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।