সার্বিক অবনতিতে এলডিপির উদ্বেগ, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি - দিগন্ত জার্নাল

সার্বিক অবনতিতে এলডিপির উদ্বেগ, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (২২ মে ২০২৫) দেশের সার্বিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা কার্যত স্থবির হয়ে পড়েছে। ‘সরকারের প্রত্যক্ষ সমর্থনে’ একটি ‘কিংস পার্টি’ নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে রেখেছে, যা অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক।

বিবৃতিতে এলডিপি নেতারা বলেন, সরকার দেশের চলমান রাজনৈতিক সংকট সঠিকভাবে মোকাবিলা করতে পারছে না এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা অভিযোগ করেন, সরকারের অভ্যন্তরে এখনো ‘কথিত ছাত্রদের’ দুইজন উপদেষ্টা রয়েছেন, যাদের উপস্থিতি জনমনে প্রশ্ন তৈরি করছে। নেতৃবৃন্দ অবিলম্বে ওই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালতের রায় সত্ত্বেও তাকে দায়িত্বে না বসানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সরকারের ছাত্র উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাকে পদায়ন থেকে বিরত রয়েছে। তারা প্রশ্ন তোলেন—কেন এই ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা গেল না?

এছাড়াও, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে এলডিপি নেতারা তীব্র আপত্তি জানান। তারা বলেন, “বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার সরকারি চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনও বিদেশি শক্তির কাছে মাথানত করে বন্দর তুলে দিলে দেশের জনগণ তা প্রতিহত করবে।”

এলডিপি নেতাদের মতে, সরকারের এসব কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং জনগণের আস্থাকে বিনষ্ট করছে। তারা অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

an adbox will go here