ঢাকা সিটি নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনা, প্রার্থী হবেন হাসনাত ও সাদিক - দিগন্ত জার্নাল

ঢাকা সিটি নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনা, প্রার্থী হবেন হাসনাত ও সাদিক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (২২ মে ২০২৫) ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তাভাবনার খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনার ঝড়। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা মন্তব্য, ব্যাখ্যা আর জল্পনা।

এ নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। অনেকেই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েমের নাম সামনে আনছেন। দুজনেই পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) দলের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক কায়েম—খেলা হবে?” তার এই মন্তব্যে রাজনৈতিক আলোচনা আরও তুঙ্গে ওঠে।

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামও এক স্ট্যাটাসে ইশরাকের সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক ‘অপরিপক্বতা’ আখ্যা দিয়ে লিখেছেন, “যদি হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে।”

তবে এখন পর্যন্ত হাসনাত কিংবা সাদিক কেউই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, ফলে বিষয়টি এখনো অনিশ্চিত।

অন্যদিকে, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দেওয়ার জন্য যে রিট করা হয়েছিল, সেটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় দেন যে, রিটটি শুনানির যোগ্য নয়। ফলে আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ইশরাকের শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না।

সবমিলিয়ে, আসন্ন দুই সিটি নির্বাচনে কারা কার প্রতিদ্বন্দ্বী হবেন, সেই চূড়ান্ত চিত্র এখনও অস্পষ্ট হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মাঠে-অনলাইনে উত্তাপ বাড়ছেই।

an adbox will go here