প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, পদত্যাগ গুঞ্জনের মধ্যে বৈঠক
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার , (২২ মে ২০২৫) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে চলমান সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় এই সাক্ষাৎ হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির যমুনা রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করেন নাহিদ ইসলাম। সেখানে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বৈঠকে মূলত প্রধান উপদেষ্টা পদে অধ্যাপক ইউনূসের অবস্থান ও দায়িত্ব পালন অব্যাহত রাখা নিয়ে মতবিনিময় হয়।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম তা নিশ্চিত করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ বিষয়ে ‘যথাসময়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে’ বলে জানান।
এদিকে, ওই সন্ধ্যাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধারণা করা হচ্ছে, তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
এদিকে বিভিন্ন মহল থেকে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে গুঞ্জন চলছে, তার মধ্যে এই ধারাবাহিক বৈঠকগুলো তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সরকার বা রাষ্ট্রপতির দপ্তর থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।