ভারতের প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে ২১০ লাখ ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ - দিগন্ত জার্নাল

ভারতের প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে ২১০ লাখ ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (২৩ মে ২০২৫) বাংলাদেশ নৌবাহিনীর জন্য ভারতের একটি প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের টাগ বোট ক্রয়ের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার ভারতের একাধিক প্রথম সারির গণমাধ্যম, যেমন ইন্ডিয়া টুডে, এনডিটিভি, হিন্দু বিজনেস লাইন ও ইটিভি ভারত এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, চুক্তিটি হয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর সঙ্গে। ২০২৩ সালের জুলাইয়ে চুক্তির মাধ্যমে ৮০০ টন ওজনের টাগ বোট তৈরি ও সরবরাহের আদেশ দেওয়া হয়েছিল, যা ৫০০ মিলিয়ন ডলারের ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় ছিল। এটি ছিল উক্ত চুক্তির আওতায় বাংলাদেশের প্রথম উল্লেখযোগ্য ক্রয়াদেশ।

তবে গত শনিবার ভারত কর্তৃপক্ষ হঠাৎ করেই তাদের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরপরই বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিরক্ষা চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে চিহ্নিত করে বলেন, “এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথের অভিভাবক বাংলাদেশ।” পাশাপাশি, তিনি চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ার কথাও বলেন, যা ভারতের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়।

চুক্তি বাতিলের বিষয়ে হিন্দু বিজনেস লাইন জানিয়েছে, বাংলাদেশ ও জিআরএসই কোম্পানির মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে, এনডিটিভি জানিয়েছে, জিআরএসই দেশের পুঁজিবাজারকে এ বিষয়ে অবহিত করেছে এবং বলেছে, “বাংলাদেশ সরকার আমাদের সঙ্গে করা ক্রয়াদেশ বাতিল করেছে।”

উল্লেখ্য, গত আট বছরে ভারত বাংলাদেশকে লাইন অব ক্রেডিট এর আওতায় প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে। যার একটি বড় অংশ শেখ হাসিনার শাসনামলে অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্যিক সিদ্ধান্তে এই সম্পর্কের ভবিষ্যৎ এখন নতুন আলোচনার কেন্দ্রে।

an adbox will go here