সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি - দিগন্ত জার্নাল

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার (২৪ মে ২০২৫) দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার দুপুর ১২টায় বাংলামটরস্থ কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে অনুষ্ঠিত সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি ও সাধারণ সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমাদের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে এ জুলাই গণঅভ্যুত্থান। জুলাইকে যত বেশি ধারণ করতে পারব, তত বেশি এগিয়ে যেতে পারব। কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থানের অংশীদাররা এখন একে শুধুই ক্ষমতার পালাবদল হিসেবে দেখছে, যা এনসিপির মৌলিক সংস্কারের দর্শনের পরিপন্থী।”

তিনি অভিযোগ করেন, “পুরনো সংবিধানকে আঁকড়ে ধরে কিছু গোষ্ঠী ক্ষমতায় যেতে চাচ্ছে—এখানেই আমাদের আপত্তি। আমরা রেজিম চেঞ্জ নয়, চেয়েছি রাষ্ট্র সংস্কার। এখন আমাদের প্রয়োজন সংগঠিত শক্তি।”

জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তিই বাধা হয়ে দাঁড়াক না কেন, আমরা তার মোকাবিলা করব। এই ঘোষণাপত্র শহিদ ও আহতদের প্রতি আমাদের অঙ্গীকার, এটি বাস্তবায়নের লড়াইয়ে যুবশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, একটি চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শনিবারের জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় রাজনৈতিক অঙ্গনের নানা প্রশ্ন ও দলের পরবর্তী করণীয় নিয়ে বক্তব্য রাখবেন এনসিপি নেতারা।

an adbox will go here