১১ দিন পর খোলা হলো আগুনে পুড়ানো সচিবালয় ভবন
দিগন্ত জার্নাল ডেস্ক:
১১ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন। আগুনে পুড়ে যাওয়া ৯ তলা ভবনের ৫ তলা পর্যন্ত অফিস চালু করা হয়েছে। আজ থেকে কর্মকর্তা-কর্মচারীরা এই অংশে অফিস করছেন।
রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ে সরেজমিনে এ চিত্র দেখা যায়। পুড়ে যাওয়া ৬ থেকে ৯ তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস কার্যক্রম শুরু হয়েছে। ভবনটিতে প্রবেশ করা গেলেও সাত নম্বর ভবনের দু’তলায় উঠে পোড়া গন্ধ এবং মেঝেতে ছাইয়ের দাগ চোখে পড়ে। লিফট বন্ধ রয়েছে, তবে পাঁচতলা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ভবনে পানি সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে।
আগুন লাগার পর থেকে উপদেষ্টা ও সচিব ছাড়া অন্যদের গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আজ থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের বহন করা গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এদিন দুপুরে ৭ নম্বর ভবন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান। তিনি সাংবাদিকদের জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে এবং এ সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার কিছু আগে আগুন লাগে। ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নিভতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।