হাসিনার ঘনিষ্ঠদের লন্ডনের সম্পত্তি জব্দ, এনসিএ’র নজরে আরও ৭টি
শনিবার, ২৪ মে ২০২৫ | গার্ডিয়ানের প্রতিবেদন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ (ফ্রিজিং অর্ডার) করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এছাড়া সংস্থাটি আরও ৭টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। শনিবার (২৪ মে) গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪০০ কোটি টাকার বেশি।
জব্দ হওয়া দুটি সম্পত্তির একটি লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি বাড়ি, যার দাম ১.২ মিলিয়ন পাউন্ড এবং এটি ২০১১ সালে কেনা হয়েছিল। ফিনান্সিয়াল টাইমসের বরাতে গার্ডিয়ান জানায়, গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্টটিতে থাকতেন শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা।
সালমান এফ রহমান ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং তাকে দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। গত বছর গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ অনুসন্ধানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির তথ্য প্রকাশ পায়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেন, “আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত তদন্ত শেষ করে সন্দেহভাজন সকল সম্পদ জব্দের আহ্বান জানাই।” এনসিএ-র একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, “চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ ইতোমধ্যেই একাধিক সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে।”