সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে রাজবাড়ী পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার, বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় হেলিকপ্টারযোগে পৌঁছান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা।
জানা যায়, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় অবতরণ করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা।
এদিনের ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স, কমান্ডোসহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো অংশগ্রহণ করে।
প্রধান উপদেষ্টার আসার কথা ছিল গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে, তবে বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে হেলিকপ্টর উড্ডয়ন করতে না পারায় তার সফর স্থগিত হয়ে যায়।