সাঁতারে ৯টি সোনা, জাতীয় রেকর্ড গড়লেন নেত্রকোণার তন্ময়
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ- ২৫ মে ২০২৫
৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের সাঁতারু তন্ময়। যুব ১৮-২০ গ্রুপে অংশ নিয়ে তিনি ১০টি ইভেন্টের মধ্যে ৯টিতে জিতেছেন স্বর্ণপদক। এর মধ্যে একটি ইভেন্টে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড, যা তাকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি।
১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৫.২১ সেকেন্ডে সাঁতার শেষ করে তন্ময় ভেঙেছেন ২০২১ সালে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের সাঁতারু মো. ইসলামের গড়া ৫৫.৩৪ সেকেন্ডের পুরনো রেকর্ডটি। এছাড়া ৪০০ মিটার ফ্রি স্টাইলেও অংশ নেন তিনি। যদিও স্বর্ণ জিতেছেন, তবে ২০১৫ সালে বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলামের গড়া রেকর্ড (৪ মিনিট ২৮ সেকেন্ড) ভাঙা হয়নি, তন্ময়ের সময় লেগেছে ১৩ সেকেন্ড বেশি। তন্ময়ের সাঁতারের যাত্রা শুরু হয় বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়, গ্রামীণ পুকুরে সাঁতার কাটতে কাটতেই। তখনো জানতেন না সাঁতারের ভিন্ন ভিন্ন স্টাইল আছে কিংবা সুইমিংপুলেও প্রতিযোগিতা হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভর্তি হন বিকেএসপিতে। শুরুর দিকে কোচরা তার প্রতি খুব একটা আশাবাদী ছিলেন না। কারণ, সাঁতারের প্রাথমিক কোনো ধারণাই ছিল না তার।
তবে প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর কোচদের আন্তরিক প্রশিক্ষণে দ্রুতই নিজেকে গড়ে তোলেন তন্ময়। মাত্র দেড় বছরের মধ্যেই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তন্ময় বলেন, “প্রথমদিকে কোচ সাঈদ স্যার ও মনিরুজ্জামান স্যার আমাকে অনেক কিছু শিখিয়েছেন। বিকেএসপির ডিজি স্যার আমাদের যেসব সুযোগ-সুবিধা দিয়েছেন, সেগুলোর জন্য আমি কৃতজ্ঞ।”
তার পরবর্তী লক্ষ্য ২০২৬ সালে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণ ও স্বর্ণপদক জয়। তন্ময়ের বিশ্বাস, যদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা পাওয়া যায়, তবে সেই সোনার স্বপ্নও হাতের নাগালে আসবে।