ছাত্রশিবির ছাত্ররাজনীতিকে ‘টক্সিক’ করেছে: উমামা ফাতেমা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (২৮ মে ২০২৫) — দেশের ছাত্ররাজনীতির পরিবেশকে ‘টক্সিক’ (বিষাক্ত) করে তোলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
উমামা ফাতেমা লেখেন, “যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনরে ট্যাগ দিতে আসে। গত ১৫ বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাত। ছাত্রশিবির ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে।”
তিনি আরও লিখেন, “শিবির নামধারীরা সাধারণ ছাত্র ভং ধরে বারবার প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে। ফলে ক্যাম্পাসে একটি সুস্থ ছাত্ররাজনীতির ধারা গড়ে উঠতে পারেনি।”
সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গে উমামা বলেন, “৮ মার্চ আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে আমরা মেয়েরা সুফিয়া কামাল হল থেকে মিছিল বের করি, কিন্তু হলপাড়ার সাধারণ শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়নি। অথচ বিভিন্ন সময় তারা পান থেকে চুন খসলে মিছিল করে। এটাই তাদের ‘সাধারণ শিক্ষার্থী’ সাজার আসল নমুনা।”
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, “এই বাটপারদের থেকে সাবধান থাকুন। এরা ছাত্রলীগ আমলে দলের বিরুদ্ধে কোনো সংগ্রাম করেনি, বরং ছাত্রলীগের সহিংসতা বৈধতা দিয়েছে। এখন তারা বিভিন্ন জনকে লীগদোসর ট্যাগ দিয়ে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।”
২০২৪ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে উমামা জানান, “৩১ জুলাই থেকে আমরা ‘ডামি নির্বাচন’ বর্জনের ডাক দিয়েছিলাম। তখন অনেকেই মুখ ফুটে কিছু বলেনি। বরং কেউ কেউ ট্রান্সজেন্ডার কোটার বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত ছিল। এখন সেইরকম কিছু ‘ভাইব্রাদার’ জুলাই মাসের ঠিকাদারি করে বেড়ায়।”
শেষে তিনি মন্তব্য করেন, “এদের হাতে এখন জুলাইও নিরাপদ নয়।”