বার্সেলোনায় ইয়ামালের যুগ শুরু
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ- ২৮ মে ২০২৫
১৭ বছর বয়সেই বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। সদ্যসমাপ্ত মৌসুমে কাতালান ক্লাবটি ঘরোয়া সব শিরোপা জিতেছে, তাতে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্টে বড় অবদান রেখেছেন এই তরুণ উইঙ্গার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইয়ামালকে দীর্ঘমেয়াদি ও আর্থিকভাবে আকর্ষণীয় নতুন চুক্তি দিয়েছে বার্সেলোনা।
ইউরোপীয় গণমাধ্যম জানায়, ইয়ামাল ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন। তার সাপ্তাহিক বেতন দাঁড়াবে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড, যা বছরে প্রায় ১৫ মিলিয়ন ইউরো—বোনাসসহ যা পৌঁছাতে পারে ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত। শুধু তাই নয়, চুক্তিতে রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ, যা কাতালান ক্লাবটির আস্থার প্রতিফলন। বেইন স্পোর্টস জানিয়েছে, এই চুক্তি ইয়ামালকে বার্সেলোনার সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের একজন করে তুলেছে, যা তার বয়সের অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে নজিরবিহীন।
এই মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জয়ে ভূমিকা রাখার পর ক্লাব চায়, ভবিষ্যতেও ইয়ামালই দলকে নেতৃত্ব দিন। এমনকি আনসু ফাতি ক্লাব ছাড়লে ইয়ামালের গায়ে উঠতে পারে ঐতিহাসিক ১০ নম্বর জার্সিও। চুক্তি চূড়ান্ত হওয়ার পর এখন বার্সার খেলোয়াড়েরা গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছেন। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখাই থাকবে তাদের মূল লক্ষ্য।