বিসিবি সভাপতি আমিনুল, বললেন 'দেশের ডাক উপেক্ষা করতে পারি না' - দিগন্ত জার্নাল

বিসিবি সভাপতি আমিনুল, বললেন ‘দেশের ডাক উপেক্ষা করতে পারি না’

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ- ৩০ মে ২০২৫

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এক সপ্তাহ আগে বিষয়টি আলোচনায় আসলেও এখন তা বাস্তবায়নের পথে।

দীর্ঘদিন আইসিসিতে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারসহ বসবাস করেন। সম্প্রতি পারিবারিক কারণে দেশে ফিরে আসার পর তাকে ঘিরে বিসিবিতে পরিবর্তনের আলোচনা শুরু হয়। গত পরশু রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আমিনুলের বাসভবনে দেখা করেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাকে জানানো হয়, সরকার বিসিবির শীর্ষপদে পরিবর্তন আনতে চায়। দুদিন সময় চেয়ে ফারুক পদত্যাগ করতে রাজি না হওয়ায়, ক্রীড়া পরিষদের পরিচালকের মনোনয়ন বাতিল করে তাকে অপসারণ করা হয়েছে।

এখন সব ঠিক থাকলে আমিনুল ইসলাম বুলবুলই বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি তিনি। বলেন, “আমাকে এখনও বিসিবির সভাপতির দায়িত্ব নিতে বলা হয়নি। শুধু পরিচালক হিসেবে আমার নাম প্রস্তাব করা হয়েছে। আমি দেশের ক্রিকেটের প্রয়োজনে যে কোনো দায়িত্বে রাজি আছি।” ৫৭ বছর বয়সী আমিনুল দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। তাঁর ভাষায়, “আমি বিসিবিতে দীর্ঘ সময় থাকার জন্য আসছি না। শুধু একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিতে চাই। দেশের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। সৈনিক যখন দেশের ডাকে সাড়া দেয়, তখন সে নিজের লাভ-লোকসানের হিসাব করে না।”

আইসিসি তাকে সাময়িক ছাড় দিয়েছে বলে জানান আমিনুল, “আমি আইসিসিকে জানালে তারা খুশি মনে আমাকে সময় দিয়েছে এবং বলেছে, ফিরে গেলে আমার জন্য একটি পদ খালি থাকবে।” অতএব, বিসিবির সামনে এখন একটি সুশৃঙ্খল নির্বাচন এবং সম্ভাব্য নেতৃত্বে একজন অভিজ্ঞ ক্রিকেটসৈনিক—আমিনুল ইসলাম বুলবুল।

an adbox will go here