আজ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, সরাসরি সম্প্রচার করবে বিটিভি
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, (১ জুন ২০২৫) ফ্যাসিস্ট সরকারপ্রধান হিসেবে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার ফরমাল চার্জ গ্রহণের শুনানি সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (Formal Charge) দাখিল করা হবে। বিচারকার্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আগেই ঘোষণা দিয়েছিলেন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, “রোববার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।”
প্রসঙ্গত, এর আগে ২০ মে ট্রাইব্যুনাল-১ এর বিচারকক্ষে উন্নতমানের ডিজিটাল প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ফলে আদালতের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা সম্ভব হবে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে প্রচার করা যাবে।”
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ‘গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে। এই প্রথম এ সংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
দিগন্ত জার্নালের পক্ষ থেকে জানা গেছে, এ বিচার কার্যক্রমের প্রতি জনমনে রয়েছে গভীর আগ্রহ ও প্রত্যাশা।