হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আজ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, (১ জুন ২০২৫) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। ২০২৩ সালের জুলাই-অগাস্টের গণআন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এ শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে বিচারকার্য সরাসরি সম্প্রচার করা হবে।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অভিযুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অভিযোগপত্রে শেখ হাসিনাকে ওই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীদের মতে, আজকের শুনানির মধ্য দিয়ে এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়।
এর আগে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, “জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আনা হয়েছে। তিনি ছিলেন এই অপরাধের মূল উসকানিদাতা।”
এদিকে ইতোমধ্যেই ট্রাইব্যুনাল-১ এর কোর্টরুমে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সংযোজন সম্পন্ন হয়েছে, যা সরাসরি সম্প্রচার বা রেকর্ডিংয়ের মাধ্যমে বিচার কার্যক্রম প্রচারের সুযোগ তৈরি করেছে।
দিগন্ত জার্নালের পক্ষ থেকে জানা গেছে, এ মামলার শুনানির দিকে তাকিয়ে আছে পুরো জাতি। বহু মানুষের প্রত্যাশা—এই বিচারের মাধ্যমে গুম, খুন ও নির্যাতনের চক্র থেকে মুক্তির পথ উন্মুক্ত হবে।