ঈদ উদযাপনে লন্ডনে ফিরছেন ডা. জুবাইদা রহমান
স্টাফ রিপোর্টার
(৫ জুন ২০২৫)বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ব্যক্তিগত সফরে আবারও লন্ডনে ফিরে যাচ্ছেন। এক মাসেরও বেশি সময় দেশে অবস্থানের পর স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৬ মে দীর্ঘ ১৭ বছর পর মায়ের সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। লন্ডন থেকে আসার সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা লন্ডন থেকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছান।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা করে।
এরপর একটি আদালত জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করেন। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের ফলে ওই সাজা স্থগিত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. জুবাইদা। এরপর তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন এবং স্বর্ণপদক লাভ করেন।
১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন। তার তারেক রহমানের সঙ্গে বিবাহ হয়েছিল ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি।
এই দম্পতির একমাত্র কন্যা জায়মা রহমান, যিনি যুক্তরাজ্যে বার-এট-ল ডিগ্রি সম্পন্ন করেছেন এবং সেখানেই বসবাস করছেন।