বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (৭ জুন ২০২৫) আজ পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় শুরু হওয়া এ জামাতটি ৭টা ৯ মিনিটে শেষ হয়। জামাতের ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী, এবং বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী মুকাব্বির হিসেবে ছিলেন।

এ জামাতে মুসল্লিদের ঢল নামে এবং জামাত শেষে মুনাজাতে দেশ ও জাতির কল্যাণের দোয়া করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম জামাতের পর আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন ড. মোস্তাক আহমদ। চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মুফতি এম আবদুল্লাহ। পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন।

যদি কোনো জামাতের জন্য নির্ধারিত ইমাম উপস্থিত না থাকতে পারেন, তবে সংশ্লিষ্ট জামাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। এদিকে, প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে, হাইকোর্ট প্রাঙ্গণে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হবে।

an adbox will go here