ঈদের ছুটিতে কুমিল্লার বিনোদনকেন্দ্রে দর্শনার্থীর ভিড়ের প্রস্তুতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে ঈদের আনন্দ উপভোগে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ, আর তাদের ভ্রমণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিনোদনকেন্দ্রগুলো। ঈদ উপলক্ষে কুমিল্লার শালবন বৌদ্ধবিহার, ময়নামতি জাদুঘর, রূপবানমুড়া, কোটিলামুড়া, রাজেশপুর ইকোপার্ক, কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু ওয়াটার পার্ক, লালমাই ল্যাকল্যান্ড পার্কসহ পর্যটন স্পটগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুমিল্লার কোটবাড়ি ও এর আশপাশের এলাকা ঈদের ছুটিতে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। লালমাই পাহাড় থেকে দেখা যায় পুরো কুমিল্লা শহর, যেখানে রয়েছে বহু প্রাচীন নিদর্শন। যাতায়াতের সহজ ব্যবস্থা এবং উন্নত আবাসন ও খাদ্যসেবার সুব্যবস্থার কারণে কুমিল্লা ক্রমেই দেশ-বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
রাজেশপুর ইকোপার্ক, যার নিকটেই আছে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড, সেখানে সবুজ অরণ্যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে প্রতিদিনই ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। দর্শনার্থীদের থাকার জন্য কুমিল্লায় রয়েছে বার্ড, জেলা পরিষদের ডাকবাংলো এবং হোটেল নুরজাহান, হোটেল সাউথ-ইনসহ বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল। এছাড়া হোটেল নুরজাহান, রসনার স্বাদ, হাংরি টাউনসহ অসংখ্য ভালো রেস্টুরেন্টে পর্যটকদের খাদ্যসেবার ব্যবস্থা রয়েছে।
ম্যাজিক প্যারাডাইস পার্কের অ্যাডমিন মোদাব্বির হোসেন নাসির জানিয়েছেন, “ঈদুল আজহা উপলক্ষে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। লম্বা ছুটি থাকায় কোটবাড়িতে এবারও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হবে বলে আশা করছি।”
এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ময়নামতি জাদুঘরের কাস্টডিয়ান মো. শাহিন আলম বলেন, “প্রতিবারের মতো এবারও ঈদের সময় পর্যটকের সংখ্যা অনেক বেশি হবে বলে আমরা ধারণা করছি। সে অনুযায়ী বাড়তি প্রস্তুতিও নেওয়া হয়েছে।”
ঈদের ছুটির আনন্দকে স্মরণীয় করে রাখতে কুমিল্লার প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যে ঘেরা বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের স্রোত চলবে আগামী কয়েকদিন ধরে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।