জাতীয় ঈদগাহে নামাজ শেষে দেশের কল্যাণে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৭ জুন ২০২৫) ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। খুতবা শেষে মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন ড. ইউনূস।
মোনাজাত শেষে বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধান উপদেষ্টা তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সালাম দিয়ে ড. ইউনূস সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, “আজকে একসঙ্গে ঈদের জামাতে সবাইকে পেয়ে খুব খুশি। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।” এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে ময়দান ছাড়েন। উপস্থিত জনতার পক্ষ থেকেও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানো হয়, এবং তাদের মধ্যে কেউ কেউ বলতে শোনা যায়, “স্যার আপনাকে ৫ বছর চাই।”
প্রধান জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কূটনীতিক, বিচারপতি, এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।