আগামী এপ্রিলেই জাতীয় নির্বাচন, ডিসেম্বরেই ভোটের দাবি বিএনপির
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ সময়সীমার ঘোষণা দেন।
ভাষণের পরপরই রাতেই বিএনপি চেয়ারপারসনের নির্দেশে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় থাকবে।
বৈঠকে বলা হয়, এপ্রিল মাসে নির্বাচন হলে রমজান মাসের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানোসহ নানা সাংগঠনিক ও আবহাওজনিত চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। বিএনপির মতে, এসব বাস্তবতার প্রেক্ষিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনই সবচেয়ে যৌক্তিক সময়সীমা।
দলটি অভিযোগ করেছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। এছাড়া, বিএনপি মনে করে, নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ঐক্যমতের কথা বলা হলেও, তারা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করছেন—যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি আরও জানিয়েছে, “জনগণের ভোটাধিকার রক্ষায় আর কোনো অজুহাত বা বিলম্ব গ্রহণযোগ্য নয়। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এর ব্যত্যয় ঘটলে তা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে।”